Homeআইন আদালতরাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩

রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারীকে গুলি করার ঘটনায় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতাররা হলেন মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), মো. রাকিব (২৫) ও মো. হাতেম মিয়া (২১)। র‌্যাবের দাবি, তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৪-এর মিডিয়া বিভাগ রবিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ওই নারী গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঘটনার পর র‌্যাব-৪-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে রবিবার ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভাষ্য, গ্রেফতার আব্দুল মান্নান চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি পরিবার নিয়ে আমিনুল ডাক্তারের টিনশেড বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। উদ্ধার করা অস্ত্র দিয়ে তিনি দারুসসালাম ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন বলে দাবি র‌্যাবের। র‌্যাব আরও জানায়, শনিবার সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে আব্দুল মান্নানের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি পিস্তল দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন। এতে ওই নারী গুরুতর আহত হন।

ঘটনার পর আব্দুল মান্নান তার ছেলে রাকিবের মাধ্যমে অস্ত্রটি বন্ধু হাতেম মিয়ার বাসায় রেখে দেন বলে জানিয়েছে র‌্যাব। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। র‌্যাবের দাবি, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য