Homeঅপরাধচলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্ত নগর ট্রেনের খাবারের বগিতে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধেও আনা হয়েছে অভিযোগ। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী গত রবিবার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি নেয়। তাই তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে নামার সিদ্ধান্ত নেন।

এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাঁকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তাঁর শ্লীলতাহানি করেন। আর খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন। পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ করেন। ৯৯৯-এর ইন্সপেক্টর আনোয়ার সাত্তার বলেন, ‘সোমবার রাতে কান্নাজড়িত স্বরে এক নারী জানান, চলন্ত ট্রেনে তিন ব্যক্তি মিলে তাঁকে ধর্ষণ করেছে।’ ৯৯৯ চলন্ত ট্রেনের অবস্থান জেনে নিয়ে ট্রেনের পরবর্তী স্টপেজ পাবনার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে।বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন।

ওসি বলেন, ‘এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। মামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য