মালয়েশিয়া আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেবে দেশটি। এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন খাতে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আরও এগিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, টোটাল তো ২ লাখ কর্মী যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে দেশটি নেবে।
মালয়েশিয়ায় বাংলাদেশের ৮ লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে আনরেজিস্টার্ড কিছু শ্রমিক রয়েছেন, সেগুলো যাতে রেজিস্টার্ড হয় এ ব্যাপারে আমাদের মন্ত্রী অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের প্রায় ১০ হাজার ছাত্র মালয়েশিয়াতে পড়াশোনা করেন। মালয়েশিয়ারও প্রায় ১ হাজার শিক্ষার্থী আমাদের দেশের ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে পড়াশোনা করেন।


