রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।
আহত সিয়াম জানান, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেণ্ডারিয়ার মুন্সিরটেকে তার খালুর চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভিতর থেকে সাঁটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তার ডান কাঁধে একটি গুলি এসে লাগে। আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী কপালে গুলিবিদ্ধ হন।
আহত আশা আক্তার জানান, তিনি থাকেন ওই এলাকাতেই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মাঝে পড়ে যান। এতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়। তবে কারা গুলাগুলি করছিল, সেটি তিনি জানেন না। কারা গুলি করেছে এ বিষয়ে জানতে চাওয়া হলে গেণ্ডারিয়া থানা পুলিশ, ওয়ারী জোনের ভারপ্রাপ্ত এসি কৌশলে এড়িয়ে যান। ওয়ারী বিভাগের ডিসি ও এডিসি কোনো মন্তব্য করেননি। ঘটনাস্থলে ডিউটিতে থাকা এসআই মাসুম বিল্লাহ জানান, তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। কিছুই জানেন না।


