ফরিদপুরের ভাঙ্গায় ঘুরতে এসে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরো তিনজন। এ ছাড়া ঝালকাঠিতেও সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর—
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় ঘুরতে এসে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের চয়ন মোল্লা (২৩), একই গ্রামের সিয়াম শেখ সজীব (২২) ও নয়ন মোল্লা (২০)।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেলে ঘুরতে এসেছিলেন তিন বন্ধু চয়ন, সজীব ও নয়ন। বাড়ি ফেরার পথে নওপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই চয়ন মোল্লা মারা যান। অন্য দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কিশোরগঞ্জ : কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছে।
গতকাল দুপুরে আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), তাঁর মেয়ে জারামনি (৫) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আবদুল মজিদের ছেলে মিলন মিয়া (৩৫)।
কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝালকাঠি : নলছিটিতে মুরগি বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়। তিনি ওই পিকআপে চালকের সহকারী ছিলেন। দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। গত
শনিবার রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


