প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ইনামুল মোল্লা (২৮) নামে এক জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে বোয়ালমারী উপজেলাজুড়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায়। স্থানীয় এলাকাবাসী জানায়, বোয়ালমারী পৌর এলাকার কুশাডাঙ্গার বাসিন্দা ও ওয়ার্ড জামায়াতের আমির ইনামুল মোল্লা দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছিলেন। সম্প্রতি তাদের পরকীয়ার কথা উভয় পরিবার জানতে পারে। এ নিয়ে এলাকাজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল উপজেলা জামায়াতের পক্ষ থেকে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দল থেকে অব্যাহতির বিষয়ে সংবাদকর্মীদের জানানো হয়। এ বিষয়ে জামায়াত নেতা ইনামুল মোল্লার মোবাইলে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইনামুলের কর্মস্থল কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, কয়েক দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী আমাকে ফোন করে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার বিষয়টি জানান।
রেজাউল করিম বলেন, এ বিষয়টি নিয়ে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।


