বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হবে।
এর আগে গত ৬ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন— এমন প্রতিবেদন প্রকাশ করেছিল শীর্ষনিউজ। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, “নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন আগামীর নতুন রাষ্ট্রপতি। বিএনপির সিনিয়র একাধিক নেতা শীর্ষকাগজ ও শীর্ষনিউজ প্রতিবেদককে নিশ্চিত করে জানিয়েছেন, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন এবং ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


