রাজধানীতে গতকাল সন্ধ্যায় হঠাৎ মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে গভীর রাত পর্যন্ত তীব্র যানজট দেখা যায়। ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ। রাজধানীর ৩০০ ফিট, কারওয়ানবাজার, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মতিঝিল, ধানমন্ডিতে বৃষ্টির পরপরই প্রধান সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। অনেক নিচু এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যাহত হয়। রাজধানীর বৃষ্টির এ প্রভাব পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। প্রায় সব কয়টি প্রবেশমুখে দেখা যায় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেককে পথ পাড়ি দিতে হয়।
৩০০ ফিটে যানজটে আটকা পড়া বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাসুম বিল্লাহ বলেন, ‘অফিস শেষে বের হয়েই যানজটের মুখে পড়ি। এলিভেটেডে উঠতেই আধাঘণ্টা পার। তীব্র যানজট।’ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারেনি। এ ছাড়া পথচারীরা যেখানে-সেখানে আশ্রয় নেওয়ার কারণে এবং সড়কের কিছু অংশে পানি জমে থাকায় সিগন্যালগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।


