রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠক চলাকালে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। পুলিশের দাবি, বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


