Homeজাতীয়এ মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

এ মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

এ মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার চলতি আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীদের জন্য বহুলপ্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের ঐকমত্যেও ভিত্তিতে সব বাংলাদেশি কর্মীর জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সরকারের লক্ষ্য, অতীতের অনিয়ম ও হয়রানিমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো, যাতে প্রকৃত কর্মপ্রত্যাশীরা সমান সুযোগ পান। গতকাল সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে সব শ্রমিকের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক খবর। তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে কর্মী পাঠানো নিয়ে নানা জটিলতা ও সীমাবদ্ধতার কারণে অনেক কর্মপ্রত্যাশী বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সরকারের আশা, নতুন উদ্যোগের মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে নিয়মিতভাবে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি বলেন, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির আধিপত্য, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ ছিল। এতে অনেক কর্মী আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন ব্যবস্থায় কর্মী পাঠাতে চায়। সরকারের লক্ষ্য, কোনো কর্মপ্রত্যাশী যেন সিন্ডিকেট, অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের শিকার না হন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বৈদেশিক কর্মসংস্থান শুধু কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, যা অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়া দেশের লাখো কর্মপ্রত্যাশীর জন্য আশাব্যঞ্জক সংবাদ। স্বচ্ছ ও সুশাসনভিত্তিক অভিবাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য