প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি সাউথ এশিয়া) উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা নিজের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে প্রকাশ্যে এলে দুই বছরের মধ্যে এটিই হবে তাঁর প্রথম জনসমক্ষে আসার ঘটনা। এর আগে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে তাঁর বক্তব্য প্রচার ও ভারতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিয়ে আপত্তি তোলা হয়েছে। ভারত সরকার অবশ্য বলে আসছে, শেখ হাসিনাকে ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না।
কারা থাকছেন ভার্চ্যুয়াল অনুষ্ঠানে
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শেখ হাসিনার পাশাপাশি তাঁর ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিকী অংশ নেবেন বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের (আইএপিসি) সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলবেন
চলতি মাসের শুরুর দিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে ভারতে অবস্থান শেষ করে বাংলাদেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। একই সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতারাও পর্যায়ক্রমে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন বলে তিনি উল্লেখ করেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্টের ভার্চ্যুয়াল অনুষ্ঠানেও তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশে ফেরার প্রস্তাবিত রূপরেখা তুলে ধরবেন।


