Homeআইন আদালতরাজধানীতে সাড়ে ৬ বছরে ১৮৪৯ দুর্ঘটনা নিহত ১৩৮৪

রাজধানীতে সাড়ে ৬ বছরে ১৮৪৯ দুর্ঘটনা নিহত ১৩৮৪

রাজধানীতে গত সাড়ে ৬ বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১ হাজার ৩৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পথচারী ৫৯২ জন (৪২.৭৭ শতাংশ) ও মোটরসাইকেল আরোহী ৫৩৬ জন (৩৮.৭২ শতাংশ)।

দুর্ঘটনাগুলো রাতে ও সকালে বেশি ঘটেছে। এর অন্যতম কারণ বাইপাস রোড না থাকা এবং যানবাহনের বেপরোয়া গতি। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান ও পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সাড়ে ৬ বছরে নিহতদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪.৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫.৮২ শতাংশ) ও শিশু ১৩১ জন (৯.৪৬ শতাংশ)। নিহতদের মধ্যে বাস, রিকশা, সিএনজিসহ অন্য যানবাহনের চালক ও যাত্রী ২৫৬ জন (১৮.৪৯ শতাংশ)। দুর্ঘটনায় কবলিত যানবাহনের মধ্যে বাস ২১.৭৫ শতাংশ, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্যাংকার-ময়লাবাহী ট্রাক ৩৩.২৫ শতাংশ, মোটরসাইকেল ২৬ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-জিপ ৬.২৫ শতাংশ এবং অটোরিকশা-সিএনজি-লেগুনা ১২.৭৩ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, বাইপাস রোড না থাকার কারণে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত রাজধানীতে মালবাহী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে রাস্তা পারাপারে পথচারীরা বেশি নিহত হচ্ছেন। শুধু রাতেই ৩৭.৫ শতাংশ দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া দীর্ঘসময় যানজটের কারণে যানবাহন চালকদের আচরণে অসহিষ্ণুতা ও ধৈর্যহানি ঘটছে, যা সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে কাজ করছে। যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দর সড়ক দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস-সার্ভিস চালু করতে হবে। একই সঙ্গে বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, সিটি করপোরেশন এবং ট্রাফিক পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য