ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুখপাত্র বলেন, আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন তিনি।


