সিএনজি বিক্রির কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা থেকে ১৩ টাকা ৯৬ পয়সা বৃদ্ধিসহ চার দাবিতে দেশজুড়ে ৩০ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছেন ফিলিং স্টেশনের মালিকরা। এর অংশ হিসেবে ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। আর দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। গতকাল রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ কর্মসূচির ঘোষণা করে। কর্মসূচি বাস্তবায়নে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতাদের দাবি, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রায় ১১ বছর ধরে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে নির্ধারিত ৮ টাকা কমিশন অপরিবর্তিত রয়েছে।
এ সময়ে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, বিদ্যুতের দাম, ডলারের বিনিময় হার, ব্যাংকের গ্যারান্টি কমিশন ও সুদসহ পরিচালন ব্যয় বেড়েছে। কিন্তু সিএনজির ক্রয় ও বিক্রয়মূল্য সরকার নির্ধারণ করে দেওয়ায় বাড়তি ব্যয় গ্রাহকের ওপর চাপানোর সুযোগ নেই বলে তারা দাবি করেন।
কমিশন বাড়ানোর পাশাপাশি সিএনজি উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দাম বাড়লে আনুপাতিক ও স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়, পুরোনো গ্রাহকের থেকে নতুন করে বর্ধিত জামানত নেওয়া বন্ধ, সরকারি দপ্তরের লাইসেন্স নবায়ন ও সংযোগ সড়কের ইজারা মাশুল যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন নেতারা। তারা আরও জানান, কমিশন না বাড়ায় সিএনজি খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে।


