রাজধানীর কল্যাণপুরে বাবা-ছেলেকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন বিল্লাল, জুম্মন ও শেখ মো. ফয়সাল। গতকাল মিরপুরে র্যাব-৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।
তিনি জানান, অপহরণের শিকার মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা। ২ জুলাই রাতে মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে মোহাম্মদপুর থেকে বাসায় ফিরছিলেন। পথে কল্যাণপুরের দারুসসালাম জামে মসজিদের নিচে একটি দোকান থেকে পানি কেনার জন্য থামেন। পানি নিয়ে মোটরসাইকেলে উঠতেই পাঁচ-ছয়জন এসে ছেলেসহ তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যায়। সেখানে ভয়াবহ নির্যাতন চালিয়ে ৫০ হাজার টাকা আদায় করে অপহরণকারীরা। পরে তাদের মোবাইল ফোন, টাকা ও মোটরসাইকেল রেখে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঠিয়ে দেয়। পরে তারা দারুসসালাম থানায় মামলা করলে ওই তিনজনকে আটক করা হয়। আটকরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


