রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অপরাধে দুজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল রানা ওরফে কালু ও নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জানা যায়, ২০০৫ সালের ২২ জুন শফিক বগুড়া থেকে এস.আর পরিবহনে এসে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন। এ সময় তিনজন তার পথরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ অর্থ ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। আসামি রানা ওরফে কালু গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ২০০৬ সালের ৫ এপ্রিল তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত


