খাগড়াছড়ির রামগড় মাটিরাঙ্গা সীমান্তে ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী টেংগুছড়া এলাকায় গতকাল সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের ববিন ত্রিপুরা (২৪) নামে একজন সদস্য নিহত ও মংসানু মারমা ওরফে জীবন নামে অপর একজন আহত হয়েছেন। নিহত ববিন ত্রিপুরা রামগড় উপজেলার মাজার টিলা গ্রামের বাসিন্দা। তার বাড়ি রামগড় উপজেলার দাতারাম পাড়ায়। ঘটনাস্থল থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদউদ্দিন জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। বুধবার দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সুজন চাকমা (৪৮) নামে ইউপিডিএফের অপর এক সদস্য নিহত হন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, উদ্ধার করা লাশটি থানায় রয়েছে। এদিকে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।


