চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে রজব আলী (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুর ১টার দিকে শহরের পুরাতন আমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রজব চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয়রা জানান, পুরাতন আমবাজারে আমের ক্যারেট চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্য জিসান, নাসির, মেহেদীসহ কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল দুপুরে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আমবাজারে রজবকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


