Homeজাতীয়আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দেশজুড়ে সতর্ক পুলিশ, গ্রেপ্তার অভিযান জোরদার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দেশজুড়ে সতর্ক পুলিশ, গ্রেপ্তার অভিযান জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন মঙ্গলবার। দিনটি ঘিরে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে বলে পুলিশের এক চিঠিতে উঠে এসেছে। এই মিছিল ঘিরে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির শঙ্কার কথাও বলছে পুলিশ। এ জন্য সারা দেশে পুলিশকে সতর্ক থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি যাতে প্রকাশ্যে কিছু করতে না পারে, সে জন্য এরই মধ্যে দেশের সব থানায় আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দলটির আত্মগোপনে থাকা মামলার আসামি নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি মামলা নেই, তৃণমূলের এমন নেতাকর্মীদের দিকেও নজর বাড়ানো হয়েছে। ঢাকাসহ মহানগরগুলোতে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে বলা হয়, ‘দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষুব্ধ হতে পারে আওয়ামী লীগ।’

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এ বিষয়ে গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পুলিশ সূত্র বলছে, বেশকিছু দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল হয়েছে। দিনে দিনে এই মিছিল বড় হচ্ছে কোথাও কোথাও। কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। এমন কর্মকাণ্ডে পুলিশ বিব্রত অবস্থায় রয়েছে। এর মধ্যেই গোয়েন্দা তথ্য বলছে, সামনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের কার্যক্রম আরও বাড়তে পারে। কিছু জায়গায় সহিংসতার আশঙ্কাও করা হচ্ছে। সে জন্য সারা দেশের পুলিশকে আরও সতর্ক এবং কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কোনো আশঙ্কা এবং সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররম বা আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল, বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে এবং থাকবে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য