Homeজাতীয়এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনেন।

গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে গতকাল ভোরে। সকালে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ কিনেন।

জেলে কবির মণ্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ তেমন নাই। হঠাৎ দুই-একটা ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। গতকাল হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ কিনেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুরে বিক্রি করে দিয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাম্প্রতিক মন্তব্য