নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত থাকার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিমন মল্লিককে (৩৩) সোমবার রাতে আটক করেছে পুলিশ। নিহত সুমনা (৩০) লিমনের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে চরদিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমন ঘরের দরজা বন্ধ করে বাইরে চলে যান। বিকালে ফিরে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রচার করতে থাকেন। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক লিমন জানান, ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় সুমনার সঙ্গে তার পরিচয় এবং ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের পর সুমনাকে নিয়ে লিমন গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। সুমনা টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন এবং সমাজমাধ্যমে অনেকের সঙ্গে ছবি ও ভিডিও আদান-প্রদান নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হতো। এ কলহের জের ধরেই সুমনাকে হত্যা করেন তিনি। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেন।


