কাল সকালে কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ‘জে’ গ্রুপের মিশন শুরু করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। এর মধ্যে ভক্তদের নস্টালজিক করে তুললেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি দিয়ে লিখেছেন ‘২০০৬-২০২৬’। ২০০৬ সালে জার্মানিতে সূচনার পর ঠিক ২০ বছর পর ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ মিশনে নামবেন ৩৮ বছর বয়সি মেসি। মাঝে ২০১০ সালে ম্যারাডোনার অধীনে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ব্রাজিলে হৃদয়ভঙ্গ, ২০১৮ সালে রাশিয়ার হতাশা পেরিয়ে ২০২২ সালে কাতারে অবশেষে উঁচিয়ে ধরেন সোনালি ট্রফি। ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে মেক্সিকোর গুইলারমো ওচোয়া ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে এলিট ক্লাবে বসছেন মেসিও। এ অনন্য কীর্তিকে সম্মান জানাতে বিশেষ স্মারক ব্যাজ সংবলিত জার্সি গায়ে মাঠে নামবেন নম্বর-১০। এ ছাড়া এবার আছে নতুন রেকর্ড গড়ার। বিশ্বকাপে ১৩ গোল নিয়ে জুস্ট ফন্টেইনের সঙ্গে যৌথভাবে চারে আছেন তিনি। আর চারটি গোল করলেই তিনি ছাড়িয়ে যাবেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড)।


