যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী গতকাল রোববার ইংলিশ চ্যানেল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর (ছদ্মনাম বা তৃতীয় দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজবহর) একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাংকারটি আটক করেন। ‘স্মির্টোস’ নামের ট্যাংকারটি ক্যামেরুনের পতাকাবাহী ছিল। যুক্তরাজ্যের নেতৃত্বে এই প্রথম রুশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালানো হলো।
স্থানীয় সময় গতকাল ভোররাতে অভিযানটি শুরু হয়। এর আগে আটলান্টিকে এ ধরনের একটি অভিযান পরিচালনার সময় যুক্তরাজ্য ফরাসি সেনাবাহিনীকে সহায়তা দিয়েছিল। ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে ডরসেট উপকূলে সমুদ্রতীরবর্তী শহর ওয়েমাউথের কাছে নোঙর করে রাখা আছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে ট্যাংকারটিতে পরিবেশগত বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো উদ্বেগ তৈরি হয়েছে কি না, তা আগে পর্যবেক্ষণ করা হবে।
ব্রিটিশ কর্তৃপক্ষ বলেছে, ‘স্মির্টোস’-এর মতো সাত শর বেশি তেলের ট্যাংকার রয়েছে, যেগুলো রাশিয়ার তেল বহন করে। এ শ্যাডো ফ্লিটে রাশিয়ার নিষিদ্ধঘোষিত তেলের প্রায় ৭৫ শতাংশ পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে, এমন জাহাজবহর রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


