গাজীপুরে একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে ওই দোকান মালিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জামালপুরে স্ত্রীকে হত্যার পর দুই শিশুসন্তানকে ঘরে তালাবন্দি করে পালিয়ে গেছেন তাদের বাবা।
নেত্রকোনায় জামাতার কুড়ালের আঘাতে শাশুড়ি মারা গেছেন।
এ ছাড়া কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুরে উদ্ধার হয়েছে আরো তিনজনের লাশ।
গাজীপুর : মহানগরের গাছা থানার একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে দোকানটির মালিক আবুল কালাম আজাদের (৩২) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ভুসির মিল এলাকার আব্দুল গনি রোডের সাদিয়া জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকানের ভেতরই ঘুমান আবুল কালাম আজাদ। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। কিন্তু দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন।
গাছা থানার ওসি গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ হত্যা ঘটিয়েছে তা
খতিয়ে দেখা হচ্ছে।
জামালপুর : শহরের একটি ভাড়া বাসায় স্ত্রীকে হত্যার পর দুই শিশুসন্তানকে ঘরে তালাবন্দি করে পালিয়ে গেছেন তাদের বাবা। গতকাল শেখের ভিটা লেভেলক্রসিংয়ের পাশে একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে নিহত ইসরাত জাহানের (৩২) মরদেহ উদ্ধার করা হয়।
ইসরাতের স্বামী কাউসার আহমেদ জামালপুর শহরে একটি মনিহারি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফ্ল্যাটের ভেতর থেকে নিহতের ১০ বছর বয়সী মেয়ে ও সাত বছর বয়সী ছেলের চিৎকার শুনতে পায় স্থানীয়রা।লোকজন সেখানে গিয়ে দেখে ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষের বিছানায় পাওয়া যায় তাদের মায়ের মরদেহ।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার রাতে চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন (৫৫) ওই গ্রামের মোতালেবের স্ত্রী।
এ ঘটনায় ঘাতক শাহেদ বিশ্বাস, তাঁর মা শাহেরা খাতুন ও শাহেদের তৃতীয় স্ত্রী তাসলিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দেড় বছর আগে শাহেদের প্রথম স্ত্রী মারা যান। এরপর আরো দুটি বিয়ে করেন তিনি। তবে প্রথম স্ত্রীর ওয়ারিশের জমি পাওনা দাবিতে শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ বিরোধের জেরেই কুড়ালের আঘাত ও গলা টিপে শাশুড়িকে হত্যা করেন শাহেদ।
কুড়িগ্রাম : নাগেশ্বরী উপজেলায় একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে হাসনাবাদ ইউনিয়নের শটিবাড়ী গ্রামের শিতলিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহের পরনে কালো প্যান্ট ও কোমরে বেল্ট ছিল। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলায় গতকাল সকালে নিজ বাড়ি থেকে গৃহবধূ আকতারা বেগমের (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের শমসের আলীর স্ত্রী।
সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, ঘটনাটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর : সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। শাখা, চুড়ি ও নূপুর পরা ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে ওই রাতেই নৌ পুলিশের কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা তা উদ্ধার করেন।
ফরিদপুর নৌ পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে ওই নারীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাঁর আঙুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।


