Homeঅপরাধ৬ জেলায় ৩ খুন ৪ লাশ উদ্ধার

৬ জেলায় ৩ খুন ৪ লাশ উদ্ধার

কক্সবাজারে জুতা হারানো নিয়ে বিবাদের জেরে হামলায় এক যুবক নিহত হয়েছেন। খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক পরিবহন শ্রমিক। এ ছাড়া মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :

চকরিয়া (কক্সবাজার) : লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা হারানোর বিরোধের জেরে সংঘর্ষে মেহেদী হাসান সাকিব (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মাতামুহুরী উপজেলার বদরখালীতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব বদরখালী ইউনিয়নের সাতডালিয়াপাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে। হামলায় সাকিবের বৃদ্ধ বাবা এবং ছোট দুই ভাইও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের পরিবার, স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এক শ্রমিকের জুতা হারানোকে কেন্দ্র করে সাকিবের দুই ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কয়েক দফায় সাকিবের ওপর এবং তাঁদের বাড়িতে হামলা চালানো হয়।

খুলনা : রূপসা উপজেলায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। শনিবার রাতে আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয় ঢালি (৩০)। রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কী কারণে জয় ঢালিকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে আকাশ মিয়া নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শাকিল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

নিহত আকাশ রাজধানী পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। আর গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম।

মৌলভীবাজার : রাজনগরের এক চা-বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের একটি নিমগাছ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন—মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাঁদের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়।

স্থানীয়রা জানান, মঙ্গল বাউরীর দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁদের পরিবারে তীব্র কলহ চলছিল।

হাটহাজারী (চট্টগ্রাম) :  উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে গতকাল সকালে সুমাইয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, সকাল ৯টা পর্যন্ত ওই গৃহবধূর ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলায় গতকাল সকালে ফারহানা খাতুন (১৫) নামের এক কিশোরীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের মো. বাবলুর মেয়ে।

গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল হাসান বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য