Homeআইন আদালতদুর্নীতি মামলায় এস কে সুরের তিন বছর জেল

দুর্নীতি মামলায় এস কে সুরের তিন বছর জেল

সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য গতকাল দিন ধার্য করেন আদালত।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, আসামি এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাতআয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত জানাতে ২১ দিন সময় দিয়ে নোটিস জারি করা হয়। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্য দিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।  এজন্য একই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে ৬ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য