Homeজাতীয়৮৮ দিনে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

দেশজুড়ে পুলিশের অভিযান
৮৮ দিনে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

দেশজুড়ে ৮৮ দিনের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে বিশেষ ও নিয়মিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ অভিযানে ধরা পড়েছেন ৩৯ হাজার ২৬৭ জন। এ ছাড়া সাধারণ অভিযান এবং বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২২ জন। অভিযানে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২টি গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, ২ কেজি ২৫০ গ্রাম গানপাউডার, ৬৩৮টি দেশি অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০ চকলেট বোমা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান, ১টি পেনগান। এ ছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা এবং এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫১৬ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১২টা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করে ডিএমপি বিভিন্ন ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টি মামলা হয়েছে। তাদের মধ্যে রমনা বিভাগের ৩৫, লালবাগের ৩০, ওয়ারীর ৪৬, মতিঝিলের ৯৬, তেজগাঁওয়ের ৭৯, মিরপুরের ১১৫, গুলশানের ৫১, উত্তরার ৫১, সিটিটিসির ১ এবং গোয়েন্দা পুলিশের ১২ জন রয়েছেন। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন সেট, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য