যুক্তরাজ্য সরকার কর্তৃক স্টাডি ভিসা স্থগিতের কারণে চরম বিপাকে পড়া চার দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে যুক্তরাজ্যের ৯টি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষা সংস্থা ‘মোজাইক এডুকেশন’ এর বিশেষ উদ্যোগে আন্তর্জাতিক দূরশিক্ষণ ও অনলাইন ক্লাসের মাধ্যমে আফগানিস্তান, মিয়ানমার, সুদান ও ক্যামেরুনের শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের এই ব্যবস্থা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য ইকনোমিক টাইমস’ ও ‘দ্য পাই নিউজ’ জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের আকস্মিক ভিসা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটিতে কারিগরি সহায়তা দিচ্ছে ‘হায়ার এড পার্টনার্স ইউকে’।
ভিসা স্থগিত ও সংকট
চলতি ২০২৬ সালের মার্চ মাসে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে ওই চার দেশের নাগরিকদের নতুন স্টাডি ভিসা আবেদন স্থগিত করে। দেশটির সরকারের দাবি, উল্লিখিত দেশগুলো থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশ যুক্তরাজ্যে প্রবেশ করার পর রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) আবেদন করছেন।
যুক্তরাজ্য সরকারের এই নীতির কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘শেভনিং স্কলারশিপ’ থেকেও বাদ পড়েন ওই চার দেশের শিক্ষার্থীরা। অতীতে এই স্কলারশিপের অধীনে প্রতিবছর অন্তত ৫০ জন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে পড়ার সুযোগ পেতেন।
‘মোজাইক স্কলারশিপ’ ও দূরশিক্ষণ
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ক্ষতি পুষিয়ে দিতে চালু করা হয়েছে ‘মোজাইক স্কলারশিপ’। এই ব্যবস্থার অধীনে শিক্ষার্থীরা নিজ দেশে বসেই ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) বা দূরশিক্ষণ পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে যুক্তরাজ্যের স্নাতকোত্তর পাঠ্যক্রম শেষ করতে পারবেন।
উদ্যোগটির সঙ্গে যুক্ত যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ৯টি বিশ্ববিদ্যালয় হলো—
- কিংস কলেজ লন্ডন
- ইউনিভার্সিটি অব লন্ডন
- ইউনিভার্সিটি অব লেস্টার
- ইউনিভার্সিটি অব নর্থ্যাম্পটন
- ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ
- কার্ডিফ ইউনিভার্সিটি
- বার্কবেক ইউনিভার্সিটি অব লন্ডন
- ইউনিভার্সিটি অব স্যালফোর্ড
- অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটি
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে ১৯টি পূর্ণ অর্থায়নপ্রাপ্ত (ফুল ফান্ডেড) আসন নিশ্চিত করা গেছে। চলতি বছরের মধ্যে আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হলে অন্তত ৫০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপের সুযোগ দেওয়া সম্ভব হবে।


