গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল বিকালে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি হিসেবে এবং ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালনের বিষয়টি জানানো হয়।
এ সময় হাফিজ উদ্দিন বলেন, আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্যও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকার শপথ নেওয়ার সময়ও শপথের অংশ হিসেবে উল্লেখ থাকে কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।’
হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশে এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। তবে দুপুরে এসে জানতে পারলাম, বিষয়টি সত্য। তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। আমার মনে হয়, তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সময়ে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার সুস্থতা ও কল্যাণ কামনা করছি।
ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি দেশের জাতীয় সংসদ পরিচানায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক (বিএ) ও স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন।
আইন শিক্ষা (যুক্তরাজ্য) : ১৯৯৮ সালে আইন পড়ার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে এলএলবি (অনার্স) এবং ইউনিভার্সিটি অব ল থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। ২০০৫ সালে লন্ডনের ‘দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন’ থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে ছাত্রদলের একজন কর্মী হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০০৬ সালে সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করেন এবং বিএনপির জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। ২০২২ সালে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ত্রয়োদশ সংসদ গঠনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমান সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১২ মার্চ ২০২৬ তারিখে তিনি সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।


