ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। গতকাল শুক্রবার দীর্ঘ দুই ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয়।
দ্বিতীয় দফা আলোচনার পর সিজেপি সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে হয় পদত্যাগ করতে হবে, না হয় তাঁকে বরখাস্ত করতে হবে। সেই সঙ্গে তারা স্পষ্ট করেছে, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।
পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, তাদের
পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। একই সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তা-ও প্রত্যাহারের আবেদন করা হয়েছে সরকারের কাছে।
শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি। শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার।
সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ ছাড়া অন্য কিছু মেনে নেওয়া হবে না।
তিনি দাবি করেন, অন্য দুটি শর্ত মেনে নিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত শনিবার জানানো হবে বলে মন্ত্রীরা তাঁদের জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সরকার কাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করব সরকার তাঁকে সরিয়ে দেবে।’
অন্যদিকে, সিজেপির সঙ্গে দ্বিতীয় দফায় দুই ঘণ্টার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘আমরা তাঁদের দাবিগুলো শুনেছি এবং জানিয়েছি, আমরা এ নিয়ে আবার কথা বলব।’
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপির মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, দিল্লি পুলিশ যন্তর মন্তরের আশপাশে বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক এবং এমনকি আইনজীবীদেরও আটক করছে।
তিনি বলেন, ‘এই বিষয়টি সরকারের কাছে উত্থাপন করা হলে সরকার প্রথমে অভিযোগ অস্বীকার করলেও প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছে, এমন ঘটে থাকলে তা বন্ধ করার জন্য দিল্লি পুলিশকে যথাযথ নির্দেশ দেওয়া হবে।’
অন্যদিকে, গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে গত বৃহস্পতিবার গভীর রাতে নিজের ২৬ দিনের অনশন ভাঙেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অনশন ভাঙার সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জীতেন্দ্র সিং এবং ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি ওয়াংচুক সেখানে উপস্থিত ছিলেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তা দেওয়ার পরই অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দেশের তরুণ ও যুবসমাজের কল্যাণ ও স্বার্থ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
এদিকে প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে গতকাল খসড়া বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে সেই বিল।
অন্যদিকে সিজেপির মিছিলে ‘পুলিশি হয়রানি’ নিয়ে মামলা শুনতে রাজি হয়েছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। গতকাল প্রধান বিচারপতি বলেন, ‘বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক, পরে তা বিবেচনা করে দেখা হবে।’ আইনজীবী জরুরি শুনানির আবেদন জানালে প্রধান বিচারপতি মামলাগুলো সোমবার শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেন।
এদিকে জওয়াহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) তার ছাত্রছাত্রী এবং শিক্ষাবিদদের দিল্লির যন্তর মন্তর বা তার আশপাশে আয়োজিত যেকোনো সমাবেশে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের একই কথা জানিয়েছিল।


