সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে (৩৭) ধর্ষণচেষ্টার মামলায় গতকাল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বাসচালক মো. আজিজুল শিকদার ওরফে রাজু (৩৭) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হরিণহাটি এলাকার বাসিন্দা। তিনি সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থেকে বাস চালাতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আশুলিয়ার ইপিজেড-১ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন। ১২ জুলাই দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে আশুলিয়াগামী ইতিহাস পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন।
বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে তিনি আতঙ্কিত হয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক থামানোর পরিবর্তে দ্রুতগতিতে বাস চালাতে থাকেন।
ভুক্তভোগীর অভিযোগ, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার তার পাশে এসে জোরপূর্বক শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় চালকও তাকে সহযোগিতা করেন। নিজেকে রক্ষার উপায় না দেখে চলন্ত বাস থেকে তিনি লাফ দেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে অন্য একটি বাসের সহায়তায় আশুলিয়া এলাকায় এসে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে চালকের অবস্থান শনাক্ত করে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বাসটি জব্দ এবং ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, বাসচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হেলপারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


