Homeখেলাইতিহাস গড়ে দেশে ফিরেই পুরস্কৃত হকিকন্যারা

ইতিহাস গড়ে দেশে ফিরেই পুরস্কৃত হকিকন্যারা

বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের ইতিহাস গড়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ নারী হকি দল। ওমানের মাস্কাটে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি নিয়ে গতকাল বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বাংলার মেয়েরা। বিমানবন্দরে পা রাখতেই ইতিহাস গড়া এই দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।

মিষ্টিমুখ আর উৎসবমুখর সেই পরিবেশেই চ্যাম্পিয়নদের জন্য তাৎক্ষণিক আর্থিক পুরস্কারের ঘোষণা ও তা হস্তান্তর করা হয়। গত শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ইশতিয়াক সাদেক ব্যক্তিগত উদ্যোগে পুরো দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন চ্যাম্পিয়ন দলের ১৮ খেলোয়াড়, একজন কোচ এবং দুজন ম্যানেজার। এ ছাড়া এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে যাওয়া বাংলাদেশি আম্পায়ারকেও ২৫ হাজার টাকা দিয়ে সম্মানিত করা হয়। সব মিলিয়ে ২৩ জনকে আর্থিক পুরস্কার ও একটি করে সুইট বক্স দেওয়া হয়। বিমান বন্দরেই এমন বিশেষ আনুষ্ঠানিকতা ও পুরস্কার পেয়ে খেলোয়াড়রা আপ্লুত হয়ে পড়েন।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শারিকা সাফা রিমন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা আশাই করতে পারিনি যে বিমান বন্দরে আমাদের জন্য এত কিছু প্রস্তুত থাকবে। আমরা যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিলাম যে চ্যাম্পিয়ন হব, সেটি পূরণ করতে পেরেছি। সামনে আমাদের এশিয়া কাপ আছে, এখন সেটির জন্যই আমরা প্রস্তুতি নেব।”

এর আগে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষভাগে দুর্দান্ত এক ফিল্ড গোল করে ডেডলক ভাঙেন এবং দলকে প্রথম লিড এনে দেন আইরিন রিয়া। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। পুরো টুর্নামেন্টে এটি ছিল এমার সপ্তম গোল, যার সুবাদে তিনি এই আসরে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাকি দুই কোয়ার্টারে মেয়েরা জমাট রক্ষণভাগ উপহার দিয়ে কাজাখস্তানকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি। ফাইনালে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশ দলের অধিনায়ক শারিকা রিমন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য