Homeজাতীয়ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি : আজ ‘লংমার্চ’ ও পরীক্ষা বর্জনের ডাক
ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় পরীক্ষার্থীদের বিক্ষোভ

রেকর্ড বৃষ্টি ও ভয়াবহ জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্তত ১৩টি জেলায় তীব্র বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর রাতে শিক্ষার্থীরা আজকের (বুধবার) নির্ধারিত পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন। একই সাথে আজ বেলা তিনটার মধ্যে পরীক্ষা স্থগিত না করা হলে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’র সঙ্গে তুলনা করে অযাচিত মন্তব্য করেছেন। অবশ্য এই মন্তব্যের জন্য গতকাল রাতে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।

রাজধানীতে দিনভর অবরোধ ও সংসদে ঢোকার চেষ্টা

গতকাল সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের মাধ্যমে ঢাকাতে আন্দোলন শুরু হয়। এরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ফটকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিকেলে তাঁরা আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুরের ইসিবি চত্বর ও উত্তরায়ও সড়ক অবরোধ করা হয়।

সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে দাবি আদায় না হওয়ায় রাত ৮টা ১০ মিনিটে শিক্ষার্থীরা আবারও সংসদ ভবনের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং রাত পৌনে ১০টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে মাঠ ছাড়েন।

দুই শিক্ষা বোর্ড ঘেরাও ও মহাসড়ক অবরোধ

রাজধানীর বাইরেও গতকাল তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলা ১১টায় চট্টগ্রামের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা, যার ফলে সিডিএ অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান কয়েক শ শিক্ষার্থী। পরে তাঁরা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

এছাড়া বরিশাল ও টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। বরিশালের শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং টাঙ্গাইলের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বাইপাস এলাকা প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, বগুড়া, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে।

সমাধানের আশ্বাস ও সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পদার্থবিজ্ঞানের ভুল দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন এবং যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, প্রয়োজনে সেখানে আবার পরীক্ষা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা এই আশ্বাস প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান।

পরবর্তীতে রাতে সংসদে একটি বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী তাঁর পূর্বের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলি নাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।” ভারী বর্ষণ ও বন্যার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সোমবার বৃষ্টিতে ভিজে যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সময় তাদেরও পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য