Homeজাতীয়পরীক্ষায় ‘নকল করার সুযোগ না পেয়ে’ কেন্দ্রে হামলা-ভাঙচুর

পরীক্ষায় ‘নকল করার সুযোগ না পেয়ে’ কেন্দ্রে হামলা-ভাঙচুর

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে নকল করার সুযোগ না পেয়ে একটি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে।

শনিবার বেলা দেড়টার দিকে পরীক্ষা শেষে উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া।

ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু বলেন, এই কেন্দ্র আইসিটি পরীক্ষায় ৮৮৪ জন অংশ নেন। বেলা ১টা ১৫ মিনিটে দুই শতাধিক পরীক্ষার্থী কেন্দ্রের প্রধান গেইটে জড়ো হয়ে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিয়ে কলেজে ডিম ছুড়তে থাকেন।

“পরে তারা কলেজের পশ্চিম পাশের দুটি গেইট ভেঙে ভেতরে ঢুকে অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করেন। এ সময় শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।”

এ ছাড়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান মহিউদ্দিন বাচ্চু।

ওসি ফরিদ ভূঁইয়া বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনওর সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়। হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য