রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত ১২টার দিকে কৃষি মার্কেটে এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত মুন্না সপরিবারে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকাতে বসবাস করতেন। তার বাবার নাম মইন উদ্দিন।
দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।
মৃতের মেয়ে আনিছা বেগম জানিয়েছেন, তার বাবা রাত পৌনে ১২টার দিকে বাসায় আসছিলেন।
পথে তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


