Homeঅপরাধরাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলসংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা।

আহতরা হলেন— সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তারা।

আহতদের স্বজনরা জানান, মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে কথা বলার জন্য ভোরে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে উভয়পক্ষের সাক্ষাতের কথা ছিল। নির্ধারিত সময়ে স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান সুমন। অন্যদিকে ৮ থেকে ১০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন আরিফ। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলের ওপর হামলা চালায়।

তাদের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাদের মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাদের।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার এসআই মো. জানে আলম বলেছেন, টাকা-পয়সা লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ তিনি জানান, হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে অভিযুক্তরা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য