Homeআন্তর্জাতিক১৯ হাজার বিদেশি অপরাধী মুক্ত, ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়

যুক্তরাজ্যে মানবাধিকার আইনের অপব্যবহার:
১৯ হাজার বিদেশি অপরাধী মুক্ত, ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়

আইনি ফাঁকফোকর আর মানবাধিকার সনদের অপব্যবহার করে যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক বিদেশি অপরাধীর রয়ে যাওয়ার ঘটনা ব্রিটিশ রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। সরকারি পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রায় ২০ হাজার (১৯,৭৭৯ জন) বহিষ্কারের আদেশপ্রাপ্ত বিদেশি অপরাধী যুক্তরাজ্যের সাধারণ মানুষের সাথে মিশে অবাধে বসবাস করছে, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

দ্য টেলিগ্রাফ-এর একটি অনুসন্ধানী বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। মাদক ব্যবসায়ী, ধর্ষক, ডাকাত এবং জালিয়াতির মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা ইউরোপীয় মানবাধিকার সনদের সুযোগ নিয়ে পার পেয়ে যাচ্ছে। প্রায় ৪৪ শতাংশ ক্ষেত্রে অপরাধীরা পারিবারিক জীবনের অধিকার বা নিজ দেশে ঝুঁকির দোহাই দিয়ে আদালতের মাধ্যমে বহিষ্কারাদেশ স্থগিত করতে সফল হচ্ছে।

এই চরম অব্যবস্থাপনা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক বিশাল আইনি ও অবকাঠামোগত সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছেন। সরকারের নতুন লক্ষ্য হলো আগামী ১০ বছরে ৪৫ হাজার অপরাধী ও অবৈধ অভিবাসীকে তাড়ানো। এজন্য আটক কেন্দ্রের ধারণক্ষমতা ৪০ শতাংশ বাড়ানো হচ্ছে এবং অভিবাসন বিভাগের কর্মী সংখ্যা বাড়িয়ে ৭,৩০০ করা হচ্ছে। একই সাথে আপিল প্রক্রিয়াকে গতিশীল করতে দুই স্তরের ট্রাইব্যুনাল বাতিল করে একক আপিল ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন আইন অনুযায়ী, অপরাধীদের ব্যক্তিগত অধিকারের চেয়ে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বাধ্য থাকবেন বিচারকরা। একবার আপিল ব্যর্থ হলে যুক্তরাজ্যে নতুন সন্তান জন্ম নেওয়া বা নতুন সম্পর্ক তৈরির অজুহাতে দ্বিতীয়বার পার পাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে।

তবে লেবার সরকারের এই বিশাল আয়োজনকেও ‘যথেষ্ট নয়’ বলে কটাক্ষ করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিল্প সাফ জানিয়েছেন, যতক্ষণ না যুক্তরাজ্য ইউরোপীয় মানবাধিকার সনদ (ECHR) থেকে সম্পূর্ণ বেরিয়ে আসছে, ততক্ষণ এই আইনি চোরাবালি বন্ধ করা অসম্ভব। এই ধারা বজায় থাকলে অবৈধ মুক্ত অপরাধীদের তাড়াতেই লেগে যাবে কয়েক দশক। সব মিলিয়ে, মানবাধিকার বনাম জননিরাপত্তার এই দ্বৈরথ এখন যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য